Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৫ , ৯:২৩ পূর্বাহ্ণ

জামায়াতের প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা: শফিকুর রহমান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন দলগুলোর প্রার্থী তালিকা প্রকাশের হিড়িক, ঠিক সেই সময় দেশের অন্যতম ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে—তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে। এ বিষয়ে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, “চূড়ান্ত তালিকা ঘোষণা করতে আমরা সময় নিচ্ছি কারণ আমরা একা নির্বাচন করব না; বরং অন্যান্য রাজনৈতিক দল ও জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে ঐক্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে, আপনারা কবে করছেন এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব।’

রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে ডা. শফিকুর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়।

দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই।’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির।

এর আগে ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যান যুক্তরাজ্যে। এসব দেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীরা ডা. শফিকুরকে স্বাগত জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন