বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে দলের মনোনয়ন পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর দুমকির লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মনোনয়ন প্রাপ্তিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন ও শ্লোগানসহ একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ইউনিভার্সিটি স্কোয়ার প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভা শেষে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সাধারণ মানুষের মাঝে তুলে ধরে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। তারা বলেন, এই ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন শরীফ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ঈসা শরীফসহ আরও নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।