দেশে সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী–১ (মির্জাগঞ্জ–দুমকি ও সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি।
তিনি বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ। দেশে আজ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নেই। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গতকাল (শনিবার) বিকেল ৩টায় দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্নেহাংশু সরকার কুট্টি আরও বলেন, “রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার নামে নির্বাচনকে কেন্দ্র করে গোপন ষড়যন্ত্র চলছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের উত্তরণে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও সংগঠিত থেকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্নেহাংশু সরকার কুট্টি তার বক্তব্যে আরও বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণকে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে।”
আজকালের কন্ঠ/আর বি