Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ৭:২২ অপরাহ্ণ

বাউফলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

লেখকঃ জিএম ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক জালাল হাওলাদার ওই ইউনিয়নের মৃত রশিদ হাওলাদারের ছেলে।

অভিযোগে বলা হয়েছে, কিছুদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে উত্যক্ত করে আসছিলেন জালাল হাওলাদার। শনিবার রাতে ভুক্তভোগী নারী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় জালাল পেছন দিক থেকে এসে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জালাল হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেন। পরে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরের দিকে জালাল হাওলাদারকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালে ধর্ষণের শিকার নারীকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জালাল হাওলাদারকে রাতে আটক করা হয়েছে এবং আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন