কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় লরির চাপায় নাজমুল হাসান (বয়স জানা যায়নি) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী নজরুল ইসলামের বড় ছেলে। দুই মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরে বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল মোটরসাইকেলে করে কুমিল্লা শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে বেগমাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর লরিচালক ও তার সহকারী পালিয়ে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত নাজমুলের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আজকালের কন্ঠ/আর বি