Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ৪:০৬ অপরাহ্ণ

দুমকিতে জমি বিরোধে প্রতিপক্ষের কলাবাগান কেটে সাফের অভিযোগ

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমি ও রাস্তা নিয়ে চলমান বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নুরমোহাম্মদ হাওলাদারের ছেলে রকিব উদ্দিন হাওলাদারের রেকর্ডীয় জমিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রকিব উদ্দিন ও একই গ্রামের আলী মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি এবং ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। সম্প্রতি রকিব উদ্দিন তার জমির ওপর দিয়ে নেওয়া রাস্তা কেটে সেখানে কলাবাগান গড়ে তোলেন।

রকিব উদ্দিন অভিযোগ করে বলেন, “ভোরে আলী মোল্লার নেতৃত্বে ভাড়াটে লোকজন আমার বাগানের সব কলাগাছ কেটে সাফ করে দিয়েছে। এ বিষয়ে দুমকি থানা পুলিশকে জানানো হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে আলী মোল্লা বলেন, “রকিব উদ্দিন নিজেই কলাগাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন