Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৫ , ২:৩৭ অপরাহ্ণ

প্রতিষ্ঠাতা পরিবারের খামখেয়ালীপনায়-দুমকিতে ঐতিহ্যবাহী মাদ্রাসা ছেড়ে শিক্ষকদের নতুন হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতিষ্ঠাতা পরিবারের খামখেয়ালী আচরণ, শিক্ষক লাঞ্ছনা ও প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে ঐতিহ্যবাহী গোলাম সরোয়ার হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা ছেড়ে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের উদ্যোগে নতুন একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। নবগঠিত প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘কোরআন গার্ডেন রুহানিয়া মাদ্রাসা’।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর কোনো পূর্বঘোষণা ছাড়াই গোলাম সরোয়ার হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আল মামুন ও শিক্ষক হাফেজ মাসুদুর রহমানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এ ঘটনায় সহকর্মী শিক্ষক মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু জাফর ও মাওলানা আতাউল্লাহ প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মাদ্রাসার দাতা সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার এ ঘটনার মূল উদ্যোক্তা। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কার্যকর কোনো পরিচালনা কমিটি নেই বলেও জানা গেছে।

প্রধান শিক্ষক মাওলানা মো. আল মামুন বলেন, “সেনাবাহিনী ও পুলিশের সদস্য এনে আমাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে ইস্তফায় স্বাক্ষর করানো হয়। আচরণ দেখে মনে হচ্ছিল আমরা যেন অপরাধী! কোনো প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে নানা অপবাদ রটানো হয়েছে।”

এই ঘটনার পর শিক্ষক ও শতাধিক অভিভাবকের উদ্যোগে মাদ্রাসার পাশেই ‘কোরআন গার্ডেন রুহানিয়া হাফেজিয়া মাদ্রাসা’ নামে নতুন প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার জসিম উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, শ্রমিক দলের আহ্বায়ক জাফর আকন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামের দুমকি বন্দর সেক্রেটারি মিরাজ হোসেন ও উপজেলা বিএনপির সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন বক্স প্রমুখ।

অনুষ্ঠানে অভিভাবক মনিয়ারা আক্তার, রুনিয়া আক্তার, হামদিয়া আক্তার, নুসরাত জাহান, আব্দুল জলিল ও সৈয়দ নাজিমুদ্দিন বক্তব্য রাখেন। তারা বলেন,

“প্রতিষ্ঠাতা পরিবারের অন্যায় আচরণ ও শিক্ষক লাঞ্ছনা আমরা মেনে নিতে পারি না। সন্তানদের সম্মান ও শিক্ষার পরিবেশ রক্ষায় বিকল্প প্রতিষ্ঠান গড়তে বাধ্য হয়েছি।”

অভিভাবকরা আরও জানান, এর আগেও প্রতিষ্ঠাতা পরিবারের এমন আচরণের প্রতিবাদে আন্দোলনের চেষ্টা হয়েছিল, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদে তা ব্যর্থ হয়। এবার পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বিকল্প মাদ্রাসার যাত্রা শুরু হয়, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠদান চালিয়ে যেতে পারে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাসির উদ্দিন হাওলাদারকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন