কুমিল্লার মুরাদনগর উপজেলার ফুলঘর গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে আন্দিকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসাহজনক।
বিএনপি নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের জনপ্রিয় নেতা ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম মিয়া এবং সঞ্চালনা করেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও ফারুক সরকার মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আন্দিকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক সরকার মুজিব বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান সংকট থেকে মুক্তির একমাত্র পথ। এজন্য তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ফুলঘর গ্রামসহ আন্দিকোট ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে কায়কোবাদের সময়ে। জনগণের সেই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”
আজকালের কন্ঠ/আর বি