Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৫ , ৪:৫৫ অপরাহ্ণ

দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩ নেতাকর্মী গ্রেফতার

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মিছিলকারীরা আওয়ামী লীগের ব্যানার হাতে মহাসড়কে স্লোগান দিচ্ছেন। ব্যানারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ব্যবহৃত হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮), মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪), গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলীর ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০) এবং বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অন্য মামলারও আসামি। শুক্রবারের ঘটনার বিষয়ে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হতে পারে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন