Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৫ , ১১:৫৯ পূর্বাহ্ণ

খালিয়াজুরীর কৃতি সন্তান তামিম চৌধুরী চবি এ.এফ. রহমান হলের জিএস নির্বাচিত

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানুয়ারী গ্রামের কৃতি সন্তান মো. তামিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয় অর্জন করেছেন। তিনি এ.এফ. রহমান হল সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

তামিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর পিতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এলাকায় পরিচিত একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সম্মানিত।

ছাত্রজীবনের শুরু থেকেই তামিম চৌধুরী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে “দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক” হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় তামিম চৌধুরী বলেন, এই জয় আমার একার নয়, এটি ছাত্রদল সমর্থিত প্রতিটি কর্মীর ঐক্য ও পরিশ্রমের ফসল। সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন শিক্ষার মানোন্নয়ন ও একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক শিক্ষাঙ্গন গঠনে ভূমিকা রাখতে পারি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের এ সাফল্যে খালিয়াজুরী, মেন্দিপুর ও আশপাশের এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এ অর্জনে গর্ব প্রকাশ করে ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্য কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন