জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও ২০২৫-২৬ নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাগুরা জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এ নবীন কমিটির সভাপতি নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো ইয়ামিন মোল্যা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আকাশ পাল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ পাল বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে আমরা একতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করব। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বিশ্বাস করি, সবার ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমাদের যাত্রা সফল হবে, ইনশাআল্লাহ।”
সংগঠনের সভাপতি মো.ইয়ামিন মিয়া বলেন, “মাগুরার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠিত হয়েছে। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং উন্নয়নে আরও কার্যকর ও সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করব। জেলা এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি, আর্থিক ও মানসিক সহায়তা প্রদানে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. মো আলী আফজাল, জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ, ডেপুটি রেজিষ্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কি সহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।