নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ কিবরিয়া, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, এনপিপি মহিলা নেত্রী ববিতা খানমসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান বলেন, জনাব তারেক রহমান ২০১৮ সালে নড়াইল -২ আসনে আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছিলেন। দুঃখের বিষয় হলো ওই নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে আমি আমার নিজের ভোটটি পর্যন্ত দিতে পারি নাই। বিগত ১৬ বছর আমি আমার জোটকে নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুগপৎ আন্দোলনে ছিলাম। এখনও কাজ করে যাচ্ছি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে আগামী এই নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নড়াইল – ২ আসনে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন। তারেক রহমান এর নির্দেশনায় আমি প্রতিনিয়ত ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি। জনগণের কাছে যাচ্ছি। আজ আপনাদের কাছে এসেছি। জোট থেকে আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আমি মহান জাতীয় সংসদে যেয়ে নড়াইল -২ আসনের সাধারণ মানুষের সকল সমস্যার কথা তুলে ধরবো। পিছিয়ে থাকা নড়াইলকে ডিজিটাল নড়াইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। বিএনপি সরকার গঠন করলে সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে ইনশাআল্লাহ।
আজকালের কন্ঠ/আর বি