নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন ময়মনসিংহ পাড়া গোরস্থানের ভিতর থেকে আজ সোমবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য রকেট জানান, মৃত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে এলাকায় দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। গত ৩-৪ দিন ধরে তাঁকে গোরস্থানের পাশে বসে থাকতে দেখা যায়।
সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির কাছ থেকে ৩,৭৭৬ টাকা পাওয়া যায়।
পরে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে।
পরিচয় অনুযায়ী মৃত ব্যক্তি হলেন-
নাম: মোঃ আঃ মজিদ মোল্লা
পিতা: লাল মামুদ
মাতা: ছুরাতন নেছা
স্থায়ী ঠিকানা: শেখপাড়া, মাগুরা সদর, মাগুরা, খুলনা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি