আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা এবং জেল-জুলুমসহ মামলা-হামলার শিকার হওয়ায় মুনির হোসেনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির তৃণমূল পর্যায়ে একাধিক জরিপ ও গোয়েন্দা রিপোর্টে মুনির হোসেন এগিয়ে থাকার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবহিত রয়েছেন। তাকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে এলাকায় কাজ করার জন্যও বলা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেন ছাড়াও এ আসন থেকে বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার নির্বাচনের প্রস্তুতি নিয়ে এলাকায় কাজ করছেন।
দলীয় একটি সূত্র জানায়, বিএনপির মনোনয়ন যেই পান না কেন, মতবিরোধ ভুলে গিয়ে একসঙ্গে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য এই তিন নেতাকে সম্প্রতি ঢাকায় ডেকে নেওয়া হয়েছিল এবং তারা একসঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যদিও মনোনয়নের সবুজ সংকেত নিয়ে মুখ খুলেননি বিএনপির কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেন।
আজকালের কন্ঠ/আর বি