Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল-উচ্ছ্বাসে ভরে ওঠে মুরাদনগর

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ, জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পূর্বে তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

নিজ শৈশবের স্মৃতিবিজড়িত নিজ বাড়ির মসজিদে জুমার পূর্বে আবেগঘন বক্তব্য দেন সাবেক এই মন্ত্রী। নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করেন তিনি।

বিকেলে দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ সময় আয়োজকরা তাকে ‘নারায়ে তাকবির–আল্লাহু আকবর’ স্লোগানে বরণ করে নেন।

কায়কোবাদ বলেন, “আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমার জন্য দোয়া করবেন—আমি সারাজীবন আপনাদের সেবা করতে চাই।”

তিনি আরও বলেন, “জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।”

মুরাদনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।”

মাহফিলের প্রধান বক্তা দেশবরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া পরিচালনা করেন। তিনি বলেন, “আল্লাহ যেন এমন জনগণদরদী ও ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হিসেবে কাজ করার তাওফিক দান করেন।”

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর আগমন ঘিরে মুরাদনগরে ছিল উৎসবমুখর পরিবেশ। শিশু, যুবক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের ঢল নামে তার গণসংযোগে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাষ্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন