Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৬:২০ অপরাহ্ণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত

লেখকঃ এস এম তানবীর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের সীমানাবর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ও দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিক ঢাকা থেকে সাতক্ষিরাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে আসলে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে মহাসড়কের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিন (৩০) নামের এক বাস যাত্রী নিহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে গুরুতর অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মিনহাজুর রহমান সাকিব (২৪) নামের আরেক যাত্রীর মৃত্যু হয়। এ দূর্ঘটনায় আহত কয়েকজন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ফারজানা ইয়াসমিন পাবনার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ও মিনহাজুর রহমান সাকিব মাগুরার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা যায়। শুক্রবার সকালে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন