Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ৫:১২ অপরাহ্ণ

গফরগাঁওয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুফিদুল আলম

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ২০২৫ সালের অক্টোবর মাসে গফরগাঁও উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানসহ চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুফিদুল আলম গফরগাঁও থানা, ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। তিনি এসব দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারি ভবনের সংস্কার কাজ, উপজেলা পরিষদ চত্বরে দুটি রাস্তার উন্নয়ন কাজ এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটে টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো জনগণের সেবা নিশ্চিত করা। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখতে হবে।”

তার এ পরিদর্শন ও দিকনির্দেশনায় স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আসবে এবং জনসেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন