Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ৬:৪২ অপরাহ্ণ

দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তাঁরা আরও সময় নিতে চেয়েছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি। তিনি সরকারে থেকেই কাজ চালিয়ে যেতে চান। অপরদিকে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।’

‘এনসিপির ঘনিষ্ঠ’ এই দুই উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আলোচনা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকলেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করা হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।

বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছে। এনসিপির অভিযোগ, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন