Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ

মহিপুরে বরফ কলের অ্যামোনিয়া গ্যাসে অন্তত ২০ জন আহত

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন। বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শ্বাসকষ্টে গুরুতর অবস্থায় পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটার দিকে বরফ কলটির একটি কর্নেসার পাইপ ফেটে যায়। এতে মুহূর্তেই তীব্র দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। গ্যাসের প্রভাবে স্থানীয় অনেকের চোখে জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরফ কলের ভেতরে আটকে পড়া আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, “অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি। এর আগেও এ অঞ্চলের আরও কয়েকটি বরফ কলে এ ধরনের গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে।”

এদিকে স্থানীয়দের দাবি, বরফ কলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন