কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ছোটআলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন পেশায় একজন দোকান কর্মচারী। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরে এবং বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলে। খেলা শেষে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এ সময় রুমের ফ্যান কাজ না করায় নিজেই বৈদ্যুতিক লাইন মেরামতের চেষ্টা করে। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ফারুক হোসেন বলেন,তুহিন রাতে ঘুমাতে গিয়ে দেখে ফ্যান চলছে না। পরে দেখে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের ভেতরে আর্থিং হয়ে আছে। সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেন, আমার ছেলে আর নেই।”
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন,ঘটনাটি সম্পর্কে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি