Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৫ , ১০:৩২ পূর্বাহ্ণ

রায়পুরে পুলিশের অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বামনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর থানার এসআই সুদীপ্ত, এএসআই রাসেল ও এএসআই সজিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামালের বসতঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—স্থানীয়ভাবে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও জামাল।

পুলিশ সূত্রে জানা যায়, মাইকেলের বিরুদ্ধে ১৩টি এবং জামালের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে বিপুল পরিমাণ ইয়াবা পানিতে গুলিয়ে নষ্ট করার চেষ্টা করে। পরে পুলিশ ঘরে প্রবেশ করে তাদের আটক করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোহবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন