Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২২, ২০২৫ , ৪:৫০ অপরাহ্ণ

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

লেখকঃ শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র-গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) তথ্য নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

গত মঙ্গলবার (২১ অক্টোবর)রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে বেগমগঞ্জ উপজেলায় রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, চিহ্নিত মাদক কারবারি ফয়েজ আহমেদ (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছেন। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করেন।

গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‌্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট, এবং ইয়াবাসহ ফয়েজকে গ্রেপ্তার করে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ গণমাধ্যমকে আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন