লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি রাজীব কুমার সরকার বলেন, “আমরা প্রায়ই অনিয়মের কথা বলি, কিন্তু যারা এসব অনিয়ম করে, তারাও উচ্চশিক্ষিত। প্রকৃত শিক্ষা শুধু সনদে নয়—মানবিক মূল্যবোধে। কেবল বইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলিই একজন মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলে।”
ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “কৃতিত্ব অর্জন শুধু নিজের নয়, পরিবার ও সমাজেরও গর্বের বিষয়। এই সাফল্য যেন আরও বড় স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়—সেটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিল।
আজকালের কন্ঠ/আর বি