Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৫ , ২:৩৩ অপরাহ্ণ

শাপলা প্রতীক কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাংবিধানিক বিধান ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত নিয়ম অনুযায়ী শাপলা প্রতীক কমিশনের তালিকায় না থাকায় এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, কোনো অন্যায়ের প্রতি মাথানত করবে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি-গোষ্ঠি বা দলের কাছে নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমসহ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন