একটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল পানির ট্যাংক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, হাইড্রোজেন পারঅক্সাইড সহ বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে পরিষ্কার করা হচ্ছে ট্যাংকগুলো। ট্যাংক থেকে লালচে রংয়ের আয়রন, কাদামাটি সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বেরিয়ে আসতে দেখা যায়। পরিষ্কারের দায়িত্বে রয়েছে ‘ব্রাইট ক্লিন’ নামক একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই প্রশাসনিক ভবনের ১টি, রফিক ভবনের ১টি, ইউটিলিটি ভবনে ১টি ও শিক্ষকদের ডরমেটরির ১টি সহ মোট চারটি রিজার্ভ ট্যাংক পরিষ্কার করা হয়েছে। আজকের মধ্যে আরো দুই থেকে তিনটি ট্যাংক পরিষ্কার করা সম্ভব হবে। বাকি রিজার্ভ ট্যাংক ও প্লাস্টিকের ট্যাংকগুলো শীগ্রই পরিষ্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই কার্যক্রমের সার্বিক দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল ইসলাম। তিনি বলেন, ছুটির দিনগুলোতে পানির ট্যাংকগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মদিবসে পানির চাহিদা থাকায় আপাতত পরিষ্কার করা হচ্ছে না। আজকে আরো কয়েকটি ট্যাংক পরিষ্কার করা হবে। পরশুদিন ছুটি থাকায় সেদিনও কাজ চলমান থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একটি জাতীয় অনলাইন গণমাধ্যমে ‘জবিতে ৫ বছর ধরে পরিষ্কার করা হয় না পানির রিজার্ভ ট্যাংক’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে শিক্ষার্থীদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে ট্যাংকগুলো পরিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।