Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৫ , ৬:৩৯ অপরাহ্ণ

দাবি আদায়ে ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কুয়াকাটায় এমপিওভুক্ত শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কর্মসূচির সভাপতিত্ব করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএম সাইফুর রহমান ইসা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক কালিম মাহমুদ, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, সিনিয়র শিক্ষক মাঈনুল ইসলাম মন্নান, একে এম আবুল কালাম আজাদ, শাহ আলম ও ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য সরকার বরাবরই উদাসীন। অথচ বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শিক্ষক সমাজ চরম সংকটে পড়েছে।” তারা দ্রুত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
মানববন্ধনে শত শত শিক্ষক অংশ নেন। ঘন্টাব্যাপী এ কর্মসূচির সময় কুয়াকাটা-কলাপাড়া সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।বক্তারা আরও হুশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত মেনে না নিলে তারা লাগাতার কর্মবিরতি পালনসহ আসন্ন জাতীয় নির্বাচনে কোনো দায়িত্ব পালন করবেন না।
আজকালের কন্ঠ/আর এস/এম
প্রিন্ট করুন