জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে এমফিল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও নির্বাচনের আগেই বিশেষ বৃত্তি প্রদানসহ চার দফা দাবিতে কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন জবি শিক্ষার্থীদের একাংশ ।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনের নিকট এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে আবাসন সমস্যার নিরসন, এমফিল ভর্তি সংক্রান্ত নীতি শিথিলকরণ, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান এবং ২য় সমাবর্তন আয়োজনের রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের প্রধান চারটি দাবি- জকসুর (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) আওতায় এমফিলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যুক্তকরণের নিশ্চয়তা প্রদান করতে হবে, একই সাথে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এমফিলে ভর্তির জন্য সময় বাড়ানো এবং ভর্তির ন্যূনতম সিজিপিএ শিথিল করতে হবে, যাতে যোগ্য প্রার্থীরা সুযোগ পান; অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি জকসু নির্বাচনের আগেই প্রদান করতে হবে; আগামী ছয় মাসের মধ্যে বাণী ভবন ও আব্দুর রহমান হলের নির্মাণকাজ সম্পন্ন করার একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তা প্রকাশ করতে হবে; চলতি বছরের মধ্যেই ২য় সমাবর্তন আয়োজনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দ্রুত প্রকাশ করতে হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এই দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, জীবনমান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা ট্রেজারারের সদয় দৃষ্টি এবং দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানে আশাবাদী।
আজকালের কন্ঠ/আর এস/এস