রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনও কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস। কেন, কী স্বার্থে? কীসের জন্য?
বাসে আগুনের ঘটনায় বিএনপির জড়িত থাকার ব্যাপারে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হয়। নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে। টাকা-পয়সা যা পায়, পকেটে নিয়ে রেখে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না। এজেন্টও দেওয়া হয় না। কিছুই করে না। মাঝপথে ইলেকশন বয়কটের নাম দিয়ে, বাসে আগুন দিয়ে পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কী?
রোববার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গত সোমবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন।
তিনি বলেন, আমরা অনেক দূর কাজ এগিয়েছি, দারিদ্র্যের হার কমিয়েছি। বাংলাদেশ বিশ্বে যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে চলতো, এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে চলে না। নিজেদের বাজেট নিজেদের অর্থে দিতে পারি। চ্যালেঞ্জ নিয়েছিলাম পদ্ম সেতু নিজেদের অর্থে করব, সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। স্বাক্ষরতার হার বৃদ্ধি করেছি, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।
করোনা সংক্রমণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন-কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে। তবে এটাও আমরা মোকাবিলা করে চলেছি। করোনার মধ্যেই এলো ঘূর্ণিঝড় ও বন্যা। এরইমধ্যে কোনও কথা নেই বার্তা নেই— হঠাৎ করে বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস।
তিনি আরও বলেন, করোনার চিকিৎসার ব্যবস্থা আমরা নিচ্ছি। আজকে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। টাকা-পয়সা দিয়ে ইতোমধ্যে ভ্যাকসিন কেনার ব্যবস্থা আমরা করে রেখেছি। যেন যখনই চালু হবে আমরা এটা নিতে পারি। সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। যখন যা প্রয়োজন আমরা করে যাচ্ছি।