Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২৫ , ১০:৪৩ পূর্বাহ্ণ

একদিকে ছেলের বিয়ের আনন্দ, অন্যদিকে মায়ের মৃত্যু; স্বপ্নময় দিনেই নিভে গেল জীবনের আলো

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুফিয়া খাতুন (৪২) নামে এক মা। শনিবার বিকেলে উপজেলার আগ্রান সুতিরপাড়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিহত সুফিয়া খাতুন বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্য মহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, ছেলের বিয়ের বাজার করে স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন। পথিমধ্যে একটি দ্রুতগামী অটোভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একদিকে ঘরে বিয়ের আনন্দের প্রস্তুতি, অন্যদিকে নিথর দেহে মা— এমন শোকের ছায়ায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার ও এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন