ধরুণ সারাদিন কিছুই করছেন না অথবা যতটা কষ্ট করছেন, মনে হচ্ছে তারচেয়েও বেশি ক্লান্ত আপনি! একদিন, দুদিন করে যদি প্রায়ই এমন ক্লান্তি ভাব থাকে, তবে সতর্ক হওয়া উচিত। বোঝা দরকার শরীরে সমস্যাটা কোথায়। তা নাহলে হতে পারে ভয়ংকর কোনো অসুখ।
পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি সম্ভাব্য কারণ ও তার থেকে উত্তরণের উপায় বলা হয়েছে—
লৌহের ঘাটতি: শরীরে লৌহ বা আয়রনের ঘাটতি শরীরে ক্লান্তি লাগার অন্যতম কারণ। মূলত মেয়েদের গর্ভবতী ও পিরিয়ড চলাকালীন লৌহের ঘাটতি বেশি দেখা দেয়। তাই এ সময়ে আয়রন যুক্ত শাক-সবজি ও সালাদ বেশি খাওয়া প্রয়োজন।
ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ঘুম ঘুম ভাব আর ক্লান্তি যেন পিছুই ছাড়ে না। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়।
অতিরিক্ত শরীরচর্চা: হঠাৎ করে অনেকক্ষণ শরীরচর্চা করলে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে।
সামঞ্জস্যহীন খাদ্যাভ্যাস: সারাদিনের খাদ্যাভ্যাস আমাদের শরীরে প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও বিশ্রাম।
পানিশূন্যতা: শরীরে পর্যাপ্ত পানির অভাব দেখা দিলে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। যার ফলে মাথাব্যথা, ব্যথা, অবসাদ ও দুর্বলতা দেখা দেয়। শরীরে ক্লান্তি ভাব আসার অন্যতম কারণ পানিশূন্যতা।
বাড়ন্ত শরীর: শরীরের বয়স বাড়ার সঙ্গে শক্তি খরচের পরিমাণও বাড়ে। তাই শক্তি খরচ অনুযায়ী খাবার না পেলে অল্পতেই শরীরে দুর্বলভাব দেখা দেয়। যে কারণে আসে ক্লান্তি ভাব।
আজকালের কন্ঠ/আর বি