Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ

দেবিদ্বারে সড়কে যানজট ও কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাট: মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় সড়কে যানজট সৃষ্টি এবং কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাটের দায়ে দুটি পরিবহন প্রতিষ্ঠান ও এক ড্রেজার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৮ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলার নিউমার্কেট এলাকায় মূল সড়কে ফারহানা পরিবহন ও এম এইচ ট্রান্সপোর্টের দুটি বাস নির্ধারিত স্থানে পার্ক না করে যানজট সৃষ্টি করলে, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, দুপুর ২টার দিকে রাজামেহার ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাটের অভিযোগে সৈয়দ আলী সরকার (৬২) নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “সড়ক পরিবহন শৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন