Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৫ , ১২:৪০ অপরাহ্ণ

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, বাবা আহত

লেখকঃ মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরের পাশে বাঁশবাগানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই গ্রামের মো. হারুন-অর-রশিদের ছেলে। তিনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেনি। আশপাশের আরও কয়েকজনও ফোন দিলেও কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা একত্র হয়ে আগুন ধরা বাঁশটি কাটতে যান।

এসময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি বাঁশ ধরে বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, “তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছিল।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি।”

নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.বনি আমিন বলেন, “আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি/এন

প্রিন্ট করুন