লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জান্নাতুল মিম (১৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে রায়পুর বাসাবাড়ী–হায়দরগঞ্জ সড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল মিম উপজেলার সোনাপুর এলাকার শিপন হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার আগে শিপন হোসেন স্ত্রী ও শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আমতলি এলাকায় পৌঁছালে তার স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যায় শিশু জান্নাতুল মিম।
পরে স্থানীয়রা আহত শিপন হোসেন ও তার স্ত্রীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।”
আজকালের কন্ঠ/আর বি/জে