Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৫ , ৩:৫৬ অপরাহ্ণ

রামগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি: বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আতঙ্ক

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরীপুর আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে এক পক্ষ বিল থেকে বালু উত্তোলন শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালায়।

গুলির শব্দে এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কে আশপাশের এলাকা ছেড়ে যায়। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, এই সংঘর্ষে ‘পিচ্চি নিশান’ নামের এক ব্যক্তি ও তার অনুসারীরা অস্ত্র ব্যবহার করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

আজকালের কন্ঠ/আর বি/জে

প্রিন্ট করুন