Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০২৫ , ৫:৩৮ অপরাহ্ণ

বড়াইগ্রামের জোনাইল বাজারে নিত্যপণ্যের লাগামছাড়া দাম, ভোগান্তিতে ক্রেতারা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। প্রতিদিনের বাজারে গিয়ে ক্রেতারা পড়ছেন চরম ভোগান্তিতে। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, অন্যদিকে আয়-রোজগারের সীমাবদ্ধতা—সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বাজার ঘুরে দেখা যায়,

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০ টাকা,
করলা ১০০ টাকা,
সিম ১৬০ টাকা,
বেগুন ১০০ টাকা,
সিলভার মাছ ১৬০ টাকা,
আর পাঙ্গাস মাছ ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দোকানদাররা বলছেন, মৌসুম না থাকায় বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে ক্রেতাদের দাবি—মূল্যবৃদ্ধির এই অজুহাতে বাজার অস্বাভাবিকভাবে চড়া হয়ে গেছে।

একজন ক্ষুব্ধ ক্রেতা বলেন, “আগে ৫০০ টাকায় আধা ব্যাগ ভরে যেত, এখন ৯০০-১০০০ টাকা খরচ করেও মনে হয় কিছুই কেনা হলো না।”

এমন পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বাজারে নিয়মিত মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণ না হলে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন