Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৫ , ৮:৫০ অপরাহ্ণ

সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না।

সমকাল সুহৃদ সমাবেশে পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক পারভেজ আকন।

প্রথম রাউন্ডের আলোচনার বিষয় ছিল,পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।

সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে।

আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

আজকালের কন্ঠ/আর বি/এন

প্রিন্ট করুন