Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ

অমুসলিমরাও জামায়াতে ইসলামী করতে পারবে লক্ষীপুর জেলা জামায়াতের আমীর

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া।

পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, সম্প্রীতি ও সম্পত্তি রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, “আমি জানি, লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের জায়গা-সম্পত্তি জোরজবরদস্তি করে দখল করা হয়েছে। আমরা যদি আইনসভায় যেতে পারি, তাহলে ট্রাইব্যুনালে প্রস্তাব করব যেন এসব দখলমুক্ত করা হয়।”

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কাউকে সংখ্যালঘু বলব না, বরং বলব সংখ্যায় কম। মুসলমান হলে যে শুধু জামায়াতে ইসলামী করবে—এমনটা আমাদের গঠনতন্ত্রে নেই। অমুসলিমরাও চাইলে জামায়াতে ইসলামী করতে পারে। আমরা সবাই মানুষ, কাউকে আলাদা করে দেখা উচিত নয়।”

মন্দির পাহারার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা কেন মন্দির পাহারা দেব? মসজিদ পাহারা দিতে হয় না। অথচ আমাদের বলা হয় মন্দির পাহারা দিতে হবে। এটি মুসলমানদের ঘাড়ে এক ধরনের অপবাদ বা অপমান।”

এ সময় স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে জেলা জামায়াতের আমীরকে স্বাগত জানান। মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া পূজা আয়োজকদের ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি/জে

প্রিন্ট করুন