Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ১১:৩১ পূর্বাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (FIO), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চায়না-এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার চীনের চিংডাও শহরে অবস্থিত এফআইও-এর প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

জাককানইবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইও-এর পরিচালক প্রফেসর ড. লি লি। প্রতিস্বাক্ষর করেন জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও-এর মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি। যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন জাককানইবির পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

এসময় আরও উপস্থিত ছিলেন এফআইও-এর প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাং, ড. লিন জোও, ড. শিজু ওয়াং, ড. শিন শা সহ বিভিন্ন ল্যাবের গবেষকবৃন্দ।

চুক্তি স্বাক্ষরের পর জাককানইবির কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও-এর কপি গ্রহণ করেন মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি। পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

এছাড়া জাককানইবির প্রতিনিধি দলকে এফআইও ক্যাম্পাস ও গবেষণাগার ঘুরিয়ে দেখানো হয় এবং চলমান গবেষণা কার্যক্রম ও অর্জিত ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে জাককানইবি ও এফআইও-এর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন সহযোগিতার সুযোগ উন্মোচিত হলো। যা ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের একাডেমিক ও গবেষণা অঙ্গনে নতুন দিগন্ত সৃষ্টি করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন