দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ভূমিহীনদের ক্ষতিপূরণের টাকা আদায়ে নানা হয়রানি ও নিরব চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় লেবুখালী চরের অধিগ্রহণকৃত শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার এ কর্মসূচি পালন করে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এলএ অফিসের চিহ্নিত দালাল নন্দীপারার দুলাল মাদবর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ক্ষতিপূরণের টাকা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। এতে অধিগ্রহণকৃত ভূমির মালিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা এ দালালচক্রকে সহযোগিতা করছে।
মানববন্ধনে বক্তব্য দেন মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর, মোস্তফা কারিকর প্রমুখ। তারা দ্রুত দালালের হয়রানি বন্ধ করে ক্ষতিপূরণের টাকা প্রদানের দাবি জানান। একই সঙ্গে দুলাল মাদবরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আজকালের কন্ঠ/আর বি