Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ২:১১ অপরাহ্ণ

দুমকিতে নদী চরের মাটি উত্তোলনকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর তীরবর্তী চরের মাটি উত্তোলনের সময় ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটকের ঘটনায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত শ্রমিকরা হলো—নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫) এবং মো. সহিদুল (৪০)। তারা সবাই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীচর থেকে মাটি কেটে ট্রলারে বোঝাই করার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। এ সময় একটি ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় লেবুখালী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) একেএম ফজলুল হক বাদী হয়ে শনিবার রাতেই দুমকি থানায় খনিজ সম্পদ ও পরিবেশ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদীচর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পাশের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এ চক্রের সঙ্গে জড়িত পাঁচ শ্রমিককে আটক করতে সক্ষম হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন