Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৮:২৩ অপরাহ্ণ

প্রধান শিক্ষকের দু’পা, হাত ভেঙে দেওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়ি পেটা করে দু’পা হাত ভেঙে দেওয়ার ঘটনায় এর সাথে জড়িত দের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।

‎মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এলিজা জামান বলেন,একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে, তাই তারা শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎উল্লেখ্য যে, বিগত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন