আজকালের কন্ঠ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে ৬৫টি হত্যা মামলা রয়েছে, যেখানে মোট ৩ হাজার ৯১২ জনকে আসামি করা হয়েছে।
তদন্তাধীন এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে বর্বর বলপ্রয়োগের অভিযোগে দেশজুড়ে মোট ১ হাজার ৭৩০টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৭৩১টিই ছিল হত্যা মামলা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ৬১টি এবং দেশের আটটি বিভাগীয় শহরে ৫২টি মামলা রয়েছে। হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্র-গুলি, ভাঙচুর ও সহিংস হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় সিসিটিভি ফুটেজ, ভিডিও প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দ্রুত চার্জশিট আদালতে দাখিল করতে চাই, যাতে অপরাধীরা শাস্তি পান এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় ইতোমধ্যে ৩৪টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টি হত্যা মামলা এবং ২১টি অন্যান্য মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার চার্জশিটে মোট ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য মামলায় ৭৭৭ জনকে আসামি করা হয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তারা এসব মামলার তদারকি করছেন যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়। একই সাথে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য সমাজের প্রতিটি স্তরে আইন-শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করার কথাও জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি