কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরে মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছে।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হাসপাতালে মৃত ব্যক্তির বিয়াই মো. নাজির মোল্লা জানান, তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হানদোলা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। এলাকার ব্রাহ্মণডাঙ্গা বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে তার। বিভিন্ন সময় মোখলেস ঢাকায় কাপড় কিনতে আসলে তাকে সঙ্গে করে নিয়ে আসে। বুধবার রাতে নড়াইল থেকে বাস যোগে আজ সকালে যাত্রাবাড়ি এলাকায় নামেন তারা।
নাজির মোল্লা আরও জানান, সকাল ৯টার দিকে যাত্রাবাড়ি থেকে একটি বাসে উঠেন নারায়ণগঞ্জ ভুলতা যাওয়ার উদ্দেশ্যে। বাসে পাশাপাশি ছিটে বসেছিল তারা। বাসটি কিছুদুর যেতেই এক হকার উঠেন বিভিন্ন প্রকারের আচার নিয়ে।
তিনি বলেন, মোখলেস ওই হকারের কাছ থেকে বড়ই আচার কিনে খান। কিছুক্ষণ পর হকার এসে বলে একটু পানি খান ভাল লাগবে। ওই হকার তখন আমাকেও আচার খেতে বললে কিন্তু আমি খাইতে রাজি না হওয়ায় জোর করে। পরে তাকে ধরতে গেলে দৌড়ে বাস থেকে নেমে যায়।
নাজির বলেন, এর কিছুক্ষণ পর মোখলেস বলে আমার কেমন জানি লাগতেছে। বলেই অচেতন হয়ে পরে। গাড়ির লোকজন যাত্রাবাড়ি এলাকাতেই আমাদের বাস থেকে নামিয়ে হাসপাতালে নিতে বলে। তখন বাস থেকে নেমে একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/ই