
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দুমকি উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ বশিরুল আলম, মোঃ সাইফুল ইসলাম পাভেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা উভয় গ্রুপে মোট ১৮টি ইভেন্টে সাঁতারের প্রতিযোগিতা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আগামী বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠ এবং সরকারি জনতা কলেজ মাঠে দলীয় খেলা অনুষ্ঠিত হবে। এসব খেলায় ফুটবল (বালক ও বালিকা) এবং দাবা (বালক ও বালিকা) প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া প্রতিভা ও নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :