মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রলফা গ্রামে টানা বৃষ্টিপাতের কারণে ১৫০ থেকে ২০০ পরিবার আজও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। আশপাশের জমির পানি ঢুকে গ্রামটিকে পরিণত করেছে এক বিশাল জলাবদ্ধ এলাকায়।
গ্রামবাসী জানান, কয়েকদিন ধরে ঘরে পানি ঢুকে রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। শিশু ও বৃদ্ধদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, স্কুলগামী শিক্ষার্থীদের পড়াশোনাও থমকে গেছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে—ডায়রিয়া, সাপের ভয় ও পানিবাহিত রোগের আতঙ্কে দিন কাটছে তাদের।
স্থানীয়দের অভিযোগ, রলফা গ্রামে স্থায়ী পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতি বছর বর্ষা এলেই এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয়। গ্রামবাসী কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন—“এভাবে আর কতদিন আমরা ভুগব? ছোট ছোট বাচ্চারা অসুস্থ হচ্ছে, জীবনের ঝুঁকি বাড়ছে। সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।”
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের জরুরি উদ্যোগ প্রত্যাশা করছে পুরো রলফা গ্রাম।
আজকালের কন্ঠ/আর বি/এস