Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১১:৩২ পূর্বাহ্ণ

ময়মনসিংহে লিগ্যাল এইড অফিসারের উদ্যোগে ভাঙা সংসার জোড়া লাগলো

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে লিগ্যাল এইড অফিসারের উদ্যোগে বিরল মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ২৫ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ছয় মাস ধরে আলাদা থাকা এক দম্পতি নতুন করে সংসার জীবন শুরু করেছেন।

পারিবারিক ছোটখাটো মতবিরোধের জেরে বিচ্ছেদ হলেও তিন সন্তানের আকুতি ও পারিবারিক শান্তির স্বার্থে শেষ পর্যন্ত পুনর্মিলনের সিদ্ধান্ত নেন তারা। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সাইফুল ইসলাম।

তার আন্তরিক প্রচেষ্টা ও দীর্ঘ আলোচনার মাধ্যমে দুই পক্ষকে কাছাকাছি আনা হয়। পরে তার অফিস চেম্বারে কাজী ডেকে ইসলামি শরিয়াহ অনুযায়ী পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এসময় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং তিন সন্তান উপস্থিত ছিলেন। আবেগঘন পরিবেশে সবাই আনন্দাশ্রুতে ভেসে যান।

অফিসার সাইফুল ইসলাম বলেন, “সংসার টিকিয়ে রাখাই শান্তির পথ। আইন কেবল বিচ্ছেদের জন্য নয়, সমঝোতা ও পুনর্মিলনের মাধ্যম হিসেবেও কার্যকর হতে পারে। আজকের ঘটনাই তার প্রমাণ।”

স্থানীয়রা এ উদ্যোগকে ব্যতিক্রমী ও অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন।

 

আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো

প্রিন্ট করুন