Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৩:৩১ অপরাহ্ণ

কুয়াকাটা উপকূলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলজুড়ে সোমবার ভোর থেকে টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ জুড়ে ঘন মেঘে ঢেকে রয়েছে সমুদ্র উপকূলবর্তী শহর কুয়াকাটা। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। রাস্তাঘাটে কাদাপানি জমে চলাচলে ভোগান্তি বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় বাজারে ক্রেতা কম থাকায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা বৃষ্টিপাত আমন ধানের জন্য বেশ উপকারী হলেও বর্ষাকালীন সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে লাউ, শসা, বেগুন ও মরিচের জমিতে পানি জমে গেলে উৎপাদন ব্যাহত হতে পারে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। কুয়াকাটা উপকূলে জেলেদেরকে গভীর সমুদ্রে না যেতে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। অনেক মাছ ধরার ট্রলার ইতিমধ্যে তীরে ফিরেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এতে সমুদ্র আরও অশান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

ফলে উপকূলজুড়ে সাধারণ মানুষ যেমন বৃষ্টির ভোগান্তিতে দিন কাটাচ্ছেন, তেমনি কৃষক ও জেলেরা অনিশ্চয়তায় রয়েছেন প্রাকৃতিক এই অস্থিরতার কারণে।

 

আজকালের কন্ঠ/আর এস/এম

প্রিন্ট করুন