
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কৃতি সন্তান ও রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডের গর্বিত বাসিন্দা জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন রিংকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন। তার এ পদায়নের খবরে রায়পুর ও লক্ষ্মীপুর জুড়ে আনন্দের বন্যা বইছে।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ এ কৃতিত্বপূর্ণ পদায়নের জন্য তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, আনোয়ার হোসাইন রিংকু সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে এ পর্যায়ে পৌঁছেছেন। তার এই অর্জন রায়পুর তথা লক্ষ্মীপুর জেলাকে জাতীয় পর্যায়ে আরও গৌরবান্বিত করেছে।
রায়পুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আমরা গর্বিত যে, আমাদের এলাকায় জন্ম নেওয়া একজন যোগ্য সন্তান দেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। আশা করি তিনি নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে মানবিকতা, যোগ্যতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করবেন।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন রায়পুরের মানুষ। অনেকেই মন্তব্য করছেন— “আনোয়ার হোসাইন রিংকুর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
সর্বস্তরের মানুষ আশা করছে, নতুন দায়িত্বে তিনি দেশের কল্যাণে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করবেন এবং নরসিংদীকে উন্নয়ন ও জনসেবার দৃষ্টান্তে পরিণত করবেন।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :