Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ

মিরসরাইয়ে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লুটপাট, জনমনে আতংক!

লেখকঃ আজকালের কণ্ঠ

নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দিনে-দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তালবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী কামরুল হাসানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির সবাই একটি আত্মীয়ের বিয়েতে ডাকঘর এলাকায় গিয়েছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে এবং আলমারির লকার ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, কাপড়চোপড় ও অন্যান্য ব্যবহারের জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনায় কামরুল হাসান মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম সাংবাদিকদের বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এই জনপদে এখন নতুন করে চোর-ডাকাত আতংক বিরাজ করছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন