সোহাঈদ খান জিয়া, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সিলিং ফ্যানের প্যাকেটে করে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে কবরস্থানে কবর দেয়ার পূর্বে জীবিত উদ্ধার হওয়া চাঞ্চল্যকর ঘটনায় নবজাতকের বাহককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের অভিযানে দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় মো. ফারুক হোসেন গাজী(৪৫)কে ডিবি পুলিশ আটক করে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টার সময় অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফ্যানের প্যাকেটের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত নবজাতককে চাঁদপুর বা পৌর কবরস্থানের গোর খাদককে দেন। তিনি নবজাতকটি কবর দেওয়ার অনুরোধ করেন। কিন্তু গোরখাদক যখন শিশুটিকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শিশুটি নড়ে ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ টিম তদন্তে নামে। বিভিন্ন স্থানের ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতকসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন জানান, ৫ শ টাকার বিনিময়ে তিনি নবজাতকটিকে কবরস্থানে নিয়ে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। হাসপাতালের মালিক ( পরিচালক) ইমাম তাকে টাকা দিয়ে নবজাতক কবরস্থানে নেওয়ার জন্য বলেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/জে